দক্ষিণ চীন সাগরের স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের সাবিনা শোলের কাছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজের উপস্থিতিকে চীন সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। মঙ্গলবার (২০ অক্টোবর) চীনের নৌবাহিনী মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে অভিযোগ করে যে, এটি চীনের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করেছে।
চীনের দক্ষিণাঞ্চলীয় থিয়েটার কমান্ডের নৌবাহিনী জানায়, তারা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস চার্লস্টনকে নজরদারিতে রাখতে বাহিনী পাঠিয়েছে। বেইজিংয়ের দাবি, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ চীনের সার্বভৌম অধিকার লঙ্ঘন করছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর।
গত মাসে, একই এলাকায় একটি ফিলিপিনো নৌকাকে চীনের উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ ধাক্কা দেয়। সাবিনা শোল ও পুরো স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে বিরোধ রয়েছে।
ফিলিপিন্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অনলাইন ডেক্স 























