ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে সিনেমা হলটিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে সিনেমা হলসংলগ্ন এলপিজি সিলিন্ডারের গুদাম, ডেকোরেশন সামগ্রীর দোকান, পুরোনো কাপড়ের দোকানসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সিনেমা হলের পাশের এলপিজি সিলিন্ডারের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়রা জানান, রাতের বেলায় হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি থাকায় ব্যবসায়ীরা অনেক মালামাল বের করে আনতে পারেননি।
ঝলমল সিনেমা হলটি পুরোনো একটি জমিদার বাড়িতে পরিচালিত হত এবং এটি দীর্ঘদিন ধরে গৌরীপুরের মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে মোট কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।
অনলাইন ডেক্স 

























