লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর দ্রুত পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান। রোববার (৪ অক্টোবর) মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁরা এ আশ্বাস দেন।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, মোগলহাট একটি আন্তর্জাতিক স্থলবন্দর হওয়ায় ভারতের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি প্রয়োজন। তিনি জানান, বন্দরের অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কার বাংলাদেশের নিজস্ব বিষয় হলেও ভারতের সদিচ্ছা ও অগ্রাধিকার ভিত্তিতে চুক্তি সম্পন্ন করতে হবে।
মন্ত্রী আরও বলেন, মোগলহাট বন্দর চালু হলে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বাড়বে।
নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান জানান, বন্দরটি চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও জনবল নিশ্চিত করতে সরকার প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ভারতীয় পক্ষও বিষয়টি সম্পর্কে অবগত এবং দুই দেশের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অল্প সময়ের মধ্যেই বন্দরটি চালুর বিষয়ে আশাবাদী।
পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান এবং জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল মনে করেন, মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু হলে উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
অনলাইন ডেক্স 























