রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দখল ও ভাঙচুরের পর পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘প্রথমে সর্প হইয়া দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম। এখানে যারা দখল করেছিল, তারাই এসে এখন পরিষ্কার করছে।’
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গুঁড়িয়ে দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেন, সারা দেশে এ ধরনের দখলের ঘটনা অন্তত কয়েক হাজার জায়গায় ঘটেছে। তিনি দখলদারদের উদ্দেশে বলেন, “যে হাজার হাজার জায়গায় আপনারা দখল করেছেন, সেগুলো যদি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে আপনাদের ধন্যবাদ জানাব।”
দখলের দুটি ভিন্ন ধরনের কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, বর্তমানে একটি ধরন হলো লাঠিসোঁটা ও হেলমেট নিয়ে এসে ভাঙচুর চালিয়ে দখল করা, আর অন্যটি হলো কলমের খোঁচায় দখল। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।
সরকার রাড্ডা ক্লিনিকের জায়গায় ১০ তলা ভবন নির্মাণ করলেও পুরো ভবনটি চিকিৎসাসেবার কাজে ব্যবহার করতে হবে বলে দাবি করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, “এখানে দুটি ফ্লোর ক্লিনিককে দিয়ে বাকিটা নিয়ে মার্কেট করা বা ভাগ-বাটোয়ারা করা চলবে না।”
রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় যথাযথ ক্ষতিপূরণ ও সরকারি উদ্যোগে সংস্কারের দাবি জানিয়ে আসিফ মাহমুদ বলেন, “এখানে প্রায় ২০০ জনের মতো লোক এসে প্রকাশ্যে তিন ঘণ্টা ধরে হামলা চালিয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে।”
এ সময় গ্রেপ্তার হওয়া শাহ আলম নামের এক ব্যক্তির সঙ্গে স্থানীয় সাবেক সংসদ সদস্যের ছবি দেখা গেছে দাবি করে তিনি বলেন, ওই সংসদ সদস্যের সঙ্গে তার সম্পর্ক কী, তা স্পষ্ট করতে হবে।
অনলাইন ডেক্স 
























