বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল নিজের ক্যারিয়ারে বর্ণবাদের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি বলেছেন, অনেক মানুষ নিজেদের আচরণ বা মন্তব্যের বর্ণবাদী প্রকৃতি বুঝতে পারেন না।
স্প্যানিশ সম্প্রচারমাধ্যম ‘মোভিস্টার’-এ দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ২০২৪ সালের অক্টোবরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার সময় তিনি এবং তার সতীর্থরা বর্ণবাদী আচরণের শিকার হন। এই ঘটনার একটি ফুটেজও প্রকাশিত হয়েছিল।
স্প্যানিশ অবজারভেটরি অন রেসিজম অ্যান্ড জেনোফোবিয়ার মার্চে প্রকাশিত এক বুলেটিনে জানানো হয়, ইয়ামাল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র ২০২৫ সালের শেষ প্রান্তিকে স্পেনে অনলাইনে সবচেয়ে বেশি বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন।
১৯ বছর বয়সী এই তারকা বলেন, বর্ণবাদী গালাগাল তাকে প্রভাবিত করে না, তবে তিনি মন্তব্যের উদ্দেশ্য নিয়ে চিন্তিত। তিনি বলেন, ‘দিনশেষে আমি কালো, অন্য কোনো রঙের তো নই!’
সাম্প্রতিক বছরগুলোতে স্প্যানিশ ফুটবলে বর্ণবাদী ঘটনার পর লা লিগা কর্তৃপক্ষ স্টেডিয়ামগুলোতে বর্ণবাদবিরোধী তৎপরতা ও পর্যবেক্ষণ জোরদার করেছে।
অনলাইন ডেক্স 

























