কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন সীমান্ত নামের এক পর্যটক। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মধ্যবর্তী গ্রিন নেচার হোটেলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটক সীমান্ত কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দা। তিনি গত বুধবার বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন এবং শহরের কলাতলী এলাকার হোটেল ওয়ার্ল্ড বিচ রিসোর্টে অবস্থান করছিলেন। শুক্রবার বিকেলে গোসল করতে নামার পর হঠাৎ স্রোতের টানে তিনজন ভেসে যান।
এ ঘটনায় লাইফগার্ড ও বিচকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে জীবিত উদ্ধার করেন। তবে সীমান্তকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে সাগরের বিভিন্ন স্থানে তল্লাশি চলছে।
প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ পর্যটকের বন্ধুদের বরাতে বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুল আলম জানান, সন্ধ্যার দিকে সীমান্তসহ তিনজন পর্যটক সমুদ্রের পানিতে গোসলে নামেন। স্রোতের টানে তারা ডুবে যেতে থাকলে লাইফগার্ড ও বিচকর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন।
অনলাইন ডেক্স 























