বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মেয়র প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন সিকদারের নাম ঘোষণা করা হয়েছে। তিনি বরিশাল মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক।
বুধবার (০৯ সেপ্টেম্বর) রাতে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলের সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।
নাহিদ ইসলাম সভায় বলেন, বর্তমান সরকার নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং বিরোধী দলের বিরুদ্ধে নতুন স্বৈরাচারের উত্থানের আশঙ্কা রয়েছে। তিনি বলেন, এনসিপি জনগণের আশা ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, সরকার গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকটের স্থায়ী সমাধান করতে পারছে না। এনসিপির প্রধান দাবি হলো, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং কৃষকদের সমস্যার সমাধান করা।
অনুষ্ঠানে এনসিপির অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন, যাদের মধ্যে ছিলেন আহ্বায়ক আবু সাঈদ মুসা, উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস আলম এবং সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু।
অনলাইন ডেক্স 























