প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া তার জন্য ঠিক হয়নি। তিনি বুধবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেন।
রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতে জাতীয়তাবাদী আদর্শের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার পরিবার এবং বিএনপি সরকারের সিনিয়র নেতাদের নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তিনি বলেন, এ প্রেক্ষাপটে তিনি অসাবধানতাবশত একটি উদাহরণস্বরূপ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
তিনি আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী যদি পরিশীলিত রাজনীতি করতেন, তাহলে তার বিরুদ্ধে এমন উদাহরণ দিতে হতো না। রাশেদ খান জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে নিয়ে অশ্রাব্য ভাষায় কথা বলায় তিনি ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ হয়েছেন।
রাশেদ খান বলেন, তিনি চান যে ২০২৪ পরবর্তী রাজনীতিতে দেশ গঠন এবং মানবিক মর্যাদাকে প্রাধান্য দেওয়া হোক। তিনি তার ভাষাগত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে নিজেকে শুধরে নেওয়ার প্রতিশ্রুতি দেন।
তিনি মন্তব্য করেন, গঠনমূলক সমালোচনার পাশাপাশি সহনশীল ও পরিশীলিত রাজনীতির সুযোগ সৃষ্টি করা উচিত। তিনি ২০১৮ সাল থেকে রাজনৈতিক আন্দোলনে সহনশীলতার প্রতি গুরুত্বারোপ করেন এবং ঘৃণা ছড়িয়ে লাভবান হওয়ার সম্ভাবনা নেই বলেও উল্লেখ করেন।
অনলাইন ডেক্স 























