বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাকে ঘৃণ্য ও ন্যক্কারজনক অপরাধ বলে মন্তব্য করেছেন। তিনি আজ বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
রিজভী এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সকল স্তরের মানুষকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে হবে। তিনি নারীদের ওপর আক্রমণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং হামলাকারীদের কাপুরুষ হিসেবে অভিহিত করেন।
এর আগে ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় জাতীয় সংসদে আলোচনা হয়। মঙ্গলবার জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলার সমান। তিনি জানান, হামলার সময় আওয়ামী লীগের কর্মীরা কাপুরুষোচিত আচরণ করেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি আজ সকালে পররাষ্ট্রসচিবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন যাতে ইতালির পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয় এবং বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হয়।
অনলাইন ডেক্স 























