বাংলাদেশ ও কানাডার পার্লামেন্টের মধ্যে সম্পর্ক জোরদার ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১০ সদস্যবিশিষ্ট ‘বাংলাদেশ-কানাডা পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন করা হয়েছে। এই গ্রুপের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ অ্যান্ড এস উইং থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় সংসদের স্পিকারের অনুমোদনক্রমে এই ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন করা হয়েছে।
কমিটিতে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিনকে চেয়ারপারসন নির্বাচিত করা হয়েছে। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ-৪, ঢাকা-১৯, জামালপুর-৩, ফরিদপুর-১, রংপুর-৩ আসনের সংসদ সদস্য এবং তিনজন সংরক্ষিত নারী আসনের সদস্য।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গঠিত এই সংসদীয় গ্রুপটি বাংলাদেশ ও কানাডার মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষা এবং সংসদীয় অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এক প্রতিক্রিয়ায় ডা. মো. আনোয়ারুল হক বলেন, তিনি এই দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।
অনলাইন ডেক্স 
























