ভারতের নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, রুশ তেল আমদানি, পরমাণু শক্তি, বাণিজ্য এবং ইউক্রেন যুদ্ধসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠকে প্রতিরক্ষা খাতের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। রাশিয়া ইতোমধ্যে জানিয়েছে, ভারতকে আধুনিক সামরিক প্রযুক্তি সরবরাহে তারা প্রস্তুত। এ ক্ষেত্রে রাশিয়ার পঞ্চম প্রজন্মের এসইউ-৫৭ যুদ্ধবিমান নিয়েও আলোচনা হতে পারে। ভারতীয় সামরিক বাহিনীতে দীর্ঘদিন ধরে রুশ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম ব্যবহৃত হয়ে আসছে।
পরমাণু শক্তি খাতও বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। ভারতে নতুন পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে রাশিয়া আগ্রহী। পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে যৌথ উদ্যোগ আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হতে পারে।
মোদি-পুতিন বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হতে পারে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি। জুলাই মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি দৈনিক প্রায় ২৮ লাখ ২০ হাজার ব্যারেলে পৌঁছেছিল, যা দেশের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৫৫ দশমিক ৯ শতাংশ।
ইউক্রেন যুদ্ধের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে। ভারত সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিলেও রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক অটুট রেখেছে। ফলে যুদ্ধের সমাধান, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ভবিষ্যৎ শান্তি আলোচনা নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হতে পারে।
অনলাইন ডেক্স 
























