রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দেওয়ার আশা প্রকাশ করেছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
মন্ত্রী বলেন, ‘হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তদন্তেও নানা তথ্য সামনে আসছে। এ কারণে কিছুটা সময় লাগছে।’ তিনি উল্লেখ করেন, প্রকৃত দোষীদের শনাক্ত করা এখন সবচেয়ে জরুরি।
দুলু জানান, রংপুর শহরে এর আগে এমন বড় হত্যাকাণ্ড ঘটেনি, তাই তদন্তে কিছুটা সময় লাগছে। তবে তিনি আশা প্রকাশ করেন যে, অল্প সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে চার্জশিট দেওয়া সম্ভব হবে।
এছাড়া, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, অ্যানেসথেশিয়া চিকিৎসকের সংকটের কারণে আইসিইউ চালু করা সম্ভব হয়নি, তবে প্রয়োজনীয় চিকিৎসক পদায়ন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে নতুন আইসিইউ বেড চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনলাইন ডেক্স 
























