ফেনীর ছাগলনাইয়া সীমান্তে জমিতে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে মোশাররফ (৪৫) নামে এক কৃষক আহত হয়েছেন। তার পিঠের বাঁ পাশে গুলি লাগে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ছাগলনাইয়া থানার পূর্ব জয়নগর সীমান্ত এলাকায় নিজের জমিতে কাজ করার সময় তিনি গুলিবিদ্ধ হন। মোশাররফ ছাগলনাইয়া উপজেলার জয়নগরের পচা মিয়ার বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, জমিতে কাজ করার একপর্যায়ে হঠাৎ বিএসএফের ছোড়া গুলি মোশাররফের পিঠের বাঁ পাশে এসে লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শুক্রবার রাতে চমেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করেন।
নুরুল আলম আশেক আরও জানান, চিকিৎসকেরা মোশাররফের শরীর থেকে গুলির কয়েকটি অংশ বের করতে সক্ষম হয়েছেন। তবে তার শরীরের ভেতরে আরও কিছু গুলির অংশ রয়ে গেছে।
অনলাইন ডেক্স 























