ঢাকায় সিঙ্গাপুরের হাইকমিশনার মিচেল লি বলেছেন, আন্তর্জাতিক কার্বন বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণের বড় সুযোগ রয়েছে। তিনি পরিবেশবান্ধব ভবিষ্যৎ নির্মাণ ও জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলায় দুই দেশের সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
মিচেল লি ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনে ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের (সিএজেএফ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন। বৈঠকে জলবায়ু কার্যক্রম, কার্বন বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি ও পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন বাণিজ্য বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক ও পরিবেশগত সুযোগ সৃষ্টি করতে পারে। বাংলাদেশকে আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এই সুযোগ কাজে লাগানোর জন্য প্রস্তুতি নিতে হবে।
সিঙ্গাপুরের উল্লম্ব কৃষি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার তুলে ধরে মিচেল লি বলেন, এসব অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি পানি ব্যবস্থাপনা, জ্বালানি দক্ষতা ও খাদ্য উৎপাদনে সিঙ্গাপুরের প্রযুক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার ওপর গুরুত্ব দেন।
সিএজেএফের চেয়ারম্যান আরিফুজ্জামান মামুন বলেন, জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত সংকট নয়, এটি অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে সম্পর্কিত। দুই দেশের অভিজ্ঞতার সমন্বয় জলবায়ু মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।
অনলাইন ডেক্স 
























