রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদা তোলায় বাধা দেওয়ার কারণে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে. এম. চঞ্চলের অনুসারীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ওই সময় নিউমার্কেট এলাকায় বিভিন্ন দোকান ও ভ্যানগাড়ি থেকে চাঁদা তোলার অভিযোগ ওঠে সোহেল ও আজিম নামের যুবদল নেতা অনুসারীদের বিরুদ্ধে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা চাঁদা তুলতে বাধা দিলে যুবদল নেতা চঞ্চল সেখানে ৪০–৫০ জন অনুসারী নিয়ে আসেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা-কাটাকাটির পর তাদের ওপর ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ করা হয়েছে। হামলায় ঢাকা কলেজের শিক্ষার্থী প্রিন্স খন্দকার, মো. সুমন সিকদার, শাকিব আল হাসান ও মুশফিকুর রহমান আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী সুমন সিকদার জানান, তারা নিউমার্কেট এলাকায় চাঁদা তোলার বিরুদ্ধে প্রতিবাদ জানালে হামলার শিকার হন। হামলায় ১০–১৫ জন গুরুতর আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
এদিকে, নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, এলাকার কয়েক শ দোকান থেকে প্রতিদিন চাঁদা তোলা হয়।
অনলাইন ডেক্স 






















