বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসেবে মানিক মুখার্জী কুডু এবং সাধারণ সম্পাদক হিসেবে সঞ্জয় চক্রবর্তী টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা তাদের নাম ঘোষণা করেন। তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।
জানা গেছে, মানিক মুখার্জী কুডু ও সঞ্জয় চক্রবর্তী টানা চার বছর ধরে এই পদে দায়িত্ব পালন করছেন। প্রথমবার সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হওয়ার পর দেশের পরিস্থিতির কারণে পুনরায় সম্মেলন আয়োজন সম্ভব হয়নি, ফলে আগের কমিটি দায়িত্বে থাকে। এবার দ্বিতীয় দফা সম্মেলনে তারা আবারও নির্বাচিত হয়েছেন, ফলে তারা ছয় বছর ধরে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে থাকছেন।
এদিন সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন-এমপি এবং পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব দত্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা এবং গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
অনলাইন ডেক্স 















