সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে তার পদত্যাগের দাবি জানানো হয়।
বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় শ্যামনগর বাজার থেকে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মিছিলটি শ্যামনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভকারীদের হাতে গাজী নজরুল ইসলামের ছবি ও প্রতীকী ঝাড়ু দেখা যায়। তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন, যার মধ্যে ছিল, ‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’ এবং ‘শ্যামনগরে হবে না, বট বাহিনীর ঠিকানা’ সহ অন্যান্য স্লোগান।
সমাবেশে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ বলেন, জনগণ পরিবর্তনের আশায় ভোট দিয়েছিল, কিন্তু আজ তারা প্রতারিত বোধ করছে। তিনি নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা দাবি করেন এবং গাজী নজরুলকে অবাঞ্চিত ঘোষণা করেন।
এছাড়া নাগরিক নেতা অধ্যাপক আবু সাইদ বলেন, জনগণের প্রত্যাশা ভেঙে গেছে এবং সত্য উদঘাটন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। গাজী নজরুল ইসলাম ভিডিও প্রসঙ্গে দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং ঘটনাটি একটি পরিকল্পিত ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অংশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ ও সাংগঠনিক প্রক্রিয়ায় পর্যালোচনার কথা জানিয়েছে।
অনলাইন ডেক্স 
























