২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। রোববার (১৯ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, খসড়া তালিকায় ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এবং ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তিনি আরও জানান, রিপোর্টের খসড়া সম্পর্কে হেফাজতের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়েছে।
হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, নিহতের তথ্য অনেক মিসিং রয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে শাপলার শহিদদের লাশ গুম করার অপচেষ্টা হয়েছে। তিনি দাবি করেন, তাদের কাছে সংরক্ষিত তথ্য অনুযায়ী নিহত ৬১ জনের তথ্য রয়েছে।
ব্রিফিংয়ে হেফাজতের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রবিবার সকালে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনটি প্রসিকিউশনের হাতে পৌঁছায়, যেখানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ ৪১ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা ও সাংবাদিক শাহরিয়ার কবীর। এছাড়া তৎকালীন পুলিশ ও র্যাব প্রধানসহ ডিএমপি কমিশনারকেও আসামি করা হয়েছে।
অনলাইন ডেক্স 




















