পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩টি জাল পাসপোর্টসহ সাদিকুল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে রণচণ্ডী ইসলামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান যে, এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির কাছে বিপুলসংখ্যক জাল পাসপোর্ট রয়েছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার সাদিকুল তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার মৃত শফিকুলের ছেলে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। তাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান জানান, জাল পাসপোর্টের উৎস ও পলাতক দুই সন্দেহভাজনসহ সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে। তিনি অপরাধ দমনে জনসাধারণকে জরুরি প্রয়োজনে ৯৯৯-এ তথ্য দেওয়ার আহ্বান জানান।
অনলাইন ডেক্স 























