রাজশাহীতে গ্রামীণফোনের বিরুদ্ধে ১৬ বছরের পাওনা পরিশোধ না করার অভিযোগে শ্রমিকদের তীব্র প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে সাগরপাড়া বটতলা মোড়ে ওয়ালটন শোরুমের সামনে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী অঞ্চল’-এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রম আইন অনুযায়ী, গ্রামীণফোনের বিরুদ্ধে ৫% বিলম্বজনিত আইনি পাওনা পরিশোধের দাবি জানানো হয়েছে। বক্তারা অভিযোগ করেন, ২০১১ সালে গ্রামীণফোন একটি রিট দায়ের করেছিল যা পরে প্রত্যাহার করা হয়। তবে, সাবেক কর্মকর্তা-কর্মচারীদের পাওনা এখনও পরিশোধ করা হয়নি। নতুন করে একই ইস্যুতে রিট দায়ের করায় শ্রমিকদের অধিকার খর্ব হচ্ছে বলে তারা উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১০ সালের এসআরও-কে পুনরায় চ্যালেঞ্জ করা পুরো টেলিকম খাতের জন্য ক্ষতিকর হতে পারে। তারা সরকারের কাছে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানান। বক্তারা বলেন, এই উদ্যোগ শুধু সাবেক কর্মকর্তা-কর্মচারীদেরই ক্ষতিগ্রস্ত করবে না, বরং বর্তমান ও ভবিষ্যৎ কর্মীদের অধিকারেও নেতিবাচক প্রভাব ফেলবে।
শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বক্তারা অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়ে প্রশাসনিক বাধা ও পুলিশি হস্তক্ষেপের শিকার হয়েছেন। অনেকেই গভীর রাতে গ্রেপ্তার ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। তবে তারা আইন ও বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
মানববন্ধনে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী অঞ্চল’-এর নেতৃবৃন্দ, সাবেক কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজের সচেতন নাগরিকরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
অনলাইন ডেক্স 























