শিক্ষাব্যবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রূপকল্পের প্রতিফলন ঘটিয়ে নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৭ শিক্ষাবর্ষের চারটি নতুন পাঠ্যপুস্তকের কাঠামো চূড়ান্তকরণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. মাহদী আমিন পাঠ্যবইগুলোকে শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রচলিত পাঠ্যবইগুলোতে লেখার আধিক্য থাকে, কিন্তু ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বইটিতে ছবি, টেবিল, ডায়াগ্রাম ও ভিজ্যুয়াল উপাদানের ব্যবহার বেশি থাকবে। এর ফলে শিক্ষার্থীরা মুখস্থের বদলে আনন্দের মাধ্যমে শিখতে পারবে।
কারিগরি শিক্ষা নিয়ে সমাজে থাকা নেতিবাচক ধারণা দূর করার বিষয়ে উপদেষ্টা বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীকে কারিগরি শিক্ষার সঙ্গে পরিচিত হতে হবে। এজন্য প্রতিটি স্কুলে ল্যাব বাধ্যতামূলক করার পাশাপাশি পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে মোটিভেশনাল অধ্যায় যুক্ত করা হবে।
ড. মাহদী আমিন ইতিহাসের বিকৃতি সংশোধন প্রসঙ্গে বলেন, ইতিহাসের নির্মোহ বহিঃপ্রকাশ ঘটানোই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, ইতিহাসকে নতুন করে সাজানোর প্রয়োজন নেই; বরং জনগণের আকাঙ্ক্ষা ও সত্যের সঠিক বিশ্লেষণের মাধ্যমে তা পাঠ্যবইয়ে তুলে ধরা হবে।
সরকার আগামী বছরের ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। সেই লক্ষ্যে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ৩১ কোটি বই মুদ্রণ ও প্রকাশনা শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলার সভাপতিত্বে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 























