বৈরী আবহাওয়ার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
রোববার (১২ জুলাই) সকাল ১১টা ৩৫ মিনিটে আবুধাবি-ঢাকা রুটের ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ (BS-342) ফ্লাইটটি ১৪৮ জন যাত্রী নিয়ে নিরাপদে সিলেটে অবতরণ করে। পরে প্রয়োজনীয় কার্যক্রম শেষে দুপুর ২টা ৪৩ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্র জানায়, শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি এবং রোববার সকালে কমে যাওয়া দৃশ্যমানতার কারণে ঢাকার আকাশে উড়োজাহাজের অবতরণ ও উড্ডয়নে জটিলতা তৈরি হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে রোববার ভোর থেকে অন্তত অর্ধশতাধিক আগমন ও প্রস্থান ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়।
হাফিজ আহমদ বলেন, একই প্রতিকূল আবহাওয়ার কারণে চীনের গুয়াংজু থেকে ঢাকাগামী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটকে ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।
অনলাইন ডেক্স 
























