প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী ছয় মাসের মধ্যে গুলশান ও বারিধারা লেকে যুক্ত বর্জ্য নির্গমনের সব অবৈধ লাইন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীকে ধানমণ্ডি লেক সংস্কার, নজরুল সরোবর নির্মাণ এবং ঢাকার পয়োনিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়নের জন্য স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়।
বৈঠকে গুলশান ও বারিধারা লেকের সঙ্গে সংযুক্ত সব অবৈধ বর্জ্য নির্গমন লাইন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, রাজউকের নেতৃত্বে গুলশান লেক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রম বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী ঢাকার লেকগুলো পুনরুদ্ধার ও পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের বিষয়ে কয়েকটি উপস্থাপনা পর্যালোচনা করেন। তিনি প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 






















