মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু শনিবার (১১ জুলাই) সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা এলাকায় অবস্থিত ‘উদ্দীপন’ মৎস্য খামার ও ভালুকা কুমির খামার পরিদর্শন করেন। এ সময় তিনি দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে। ভালুকার মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনাকে কাজে লাগাতে কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনের সময় তিনি খামারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং মাছ উৎপাদন কার্যক্রম, খামার ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি স্থানীয় মৎস্য চাষিদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী বলেন, ফিশ ও মিট প্রসেসিং সেন্টার, পাঙাস মাছের প্রজনন কেন্দ্র, মাছের রোগ নির্ণয় ও নিরাময় কেন্দ্র এবং মাছের খাদ্য পরীক্ষাগার স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় খামারি ও উদ্যোক্তারা উপকৃত হবেন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ভালুকাবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনলাইন ডেক্স 
























