রাজধানীর বাজারে মাংস ও মুরগির দাম স্থিতিশীল থাকলেও ডিমের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। গত এক সপ্তাহে প্রতি ডজন ফার্মের ডিমের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়ে ১২০ টাকায় পৌঁছেছে। একই সঙ্গে মাছের বাজারেও দাম বাড়ছে।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে ডিমের দাম বৃদ্ধি নিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বললে তারা জানান, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। ব্রাউন বা লাল ডিমের দাম বর্তমানে ১৩০ টাকা। গত সপ্তাহে এই দাম ছিল ১১০ থেকে ১১৫ টাকার মধ্যে।
মাংসের বাজারে গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগির দাম প্রায় ৩৩০ টাকা।
মাছের বাজারে চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪০০ টাকা, বড় রুই ৪০০ থেকে ৪৫০ টাকা এবং ট্যাংরা ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ইলিশের দাম ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের জন্য ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং এক কেজি ওজনের জন্য ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা।
বর্ষাকালে শাকসবজির সরবরাহ বাড়লেও কিছু সবজির দাম বেড়েছে। আলুর দাম ২৫ টাকায় পৌঁছেছে, যা গত সপ্তাহের তুলনায় ৫ টাকা বেশি। লালশাকের আঁটি ১০ টাকা এবং পুঁইশাক ১৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির দামও বাজারভেদে পরিবর্তিত হচ্ছে।
অনলাইন ডেক্স 























