যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলার তীব্রতা বাড়িয়েছে। টানা দ্বিতীয় রাতের অভিযানে গত ৪৮ ঘণ্টায় দেশটির ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। দুই পক্ষের চলমান উত্তেজনার মধ্যে এটিকে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর হামলা চালানোর সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগপ্রধান হোসেন কেরমানপোর জানান, ৭ ও ৮ জুলাই পাঁচটি প্রদেশে চালানো হামলায় ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। তিনি দাবি করেছেন, যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থাতেই এসব হামলা চালানো হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় তেহরানের সঙ্গে সংযুক্ত দুটি গুরুত্বপূর্ণ রেলসেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বুশেহরের পারমাণবিক স্থাপনার আশপাশেও হামলার খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি হামলার অভিযোগ তুলে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলে ঘোষণা দেন। হামলার পর ট্রাম্প বলেন, আগের দিনের জাহাজে হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সতর্কতা দেন।
অনলাইন ডেক্স 
























