সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, বিবৃতি, অডিও বা ভিডিও প্রচার না করতে দেশের সব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মকে আহ্বান জানিয়েছে। শুক্রবার এক সরকারি তথ্য বিবরণীতে এই আহ্বান জানানো হয়।
তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন। আদালতের ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে গণমাধ্যমগুলোর প্রতি আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইনে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক কোনো অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার, অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।
সরকারের তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
অনলাইন ডেক্স 

















