অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউন অঞ্চলে মাতৃভাষা সংরক্ষণ এবং ভাষাগত বৈচিত্র্য রক্ষা করতে সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউন ইনকরপোরেটেড দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সংগঠনটির মূল প্রতিপাদ্য হলো ‘Preserve and Conserve Mother Languages’ এবং এর লক্ষ্য হলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে মাতৃভাষার ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ করা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনাকে ধারণ করে সংগঠনটি প্রবাসী নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষা চর্চা এবং ভাষাগত বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে বিভিন্ন ভাষা, সাহিত্য ও সংস্কৃতিভিত্তিক কর্মসূচি পরিচালনা করে আসছে।
স্থানীয় সময় শুক্রবার (১০ জুলাই) মিন্টো কমিউনিটি হলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশসহ বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন। সভায় নতুন নির্বাহী পরিষদের নাম অনুমোদন ও ঘোষণা করা হয়।
নবগঠিত নির্বাহী পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে পারভেজ খান, সভাপতি হিসেবে কায়সার আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মাসুদ পারভেজ নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ড. শাফিন রাশেদ এবং কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ ফেরদৌস ওমি দায়িত্ব পালন করবেন।
সংগঠনের সভাপতি কায়সার আহমেদ জানান, ক্যাম্পবেলটাউন এলাকায় একটি আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই স্মৃতিস্তম্ভ মাতৃভাষার গুরুত্ব ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনাকে সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনলাইন ডেক্স 



















