দিনাজপুরে এক কৃষককে অপহরণ করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির যুব শাখার পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় শহরের গোরে শহীদ ময়দান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জাতীয় যুব নাগরিক শক্তির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফ মুন (২৯), হাসিন ইশরাক মিম (২২), আজমির হোসেন (২২), সাজিদুল মিনহাজ (২৬) ও হৃদয় হোসেন (২২)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের খোশালপুর পুকুরপাড়া গ্রামের কৃষক আব্দুস সামাদ (৫৯) গত ৫ জুলাই রাতে তার দ্বিতীয় স্ত্রী রেনু বেগমের বাড়িতে যান। সেখানে অভিযুক্তরা তাকে মারধর করে ভয়ভীতি প্রদর্শনের পর জোরপূর্বক তুলে নিয়ে যায়।
মামলায় উল্লেখ করা হয়, পরদিন ৬ জুলাই দুপুরে অপহৃত আব্দুস সামাদের মোবাইল ফোন থেকে তার ছেলে মো. মামুনের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে আব্দুস সামাদকে উদ্ধার করে এবং একই সঙ্গে পাঁচজনকে আটক করে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরুন্নবী জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
অনলাইন ডেক্স 























