আফগানিস্তান ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক বাঁহাতি পেসার শাপুর জাদরান মঙ্গলবার (৭ জুলাই) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৮ বছর।
শাপুর দীর্ঘদিন ধরে বিরল রোগ হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিসে ভুগছিলেন। তিনি ভারতের দিল্লি-এনসিআর এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বছরের অক্টোবর মাসে প্রথম অসুস্থ হয়ে পড়ার পর উন্নত চিকিৎসার জন্য ভারতে যান তিনি।
২০০৯ থেকে ২০২০ সালের মধ্যে আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শাপুর। তিনি আফগানিস্তানের ক্রিকেটের উত্থানের সময় দলের গুরুত্বপূর্ণ পেসার ছিলেন এবং তার গতি ও আগ্রাসী বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন।
শাপুরের মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) গভীর শোক প্রকাশ করেছে। বোর্ডের এক শোকবার্তায় বলা হয়েছে, শাপুরের অবদান ও অর্জন আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।
এসিবি আরও জানায়, শাপুর জাদরান ছিলেন অসংখ্য তরুণ আফগান ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীর অনুপ্রেরণা। তার লড়াকু মানসিকতা এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করেছে।
অনলাইন ডেক্স 




















