এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার — সরকার চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এলএনজি আমদানিতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে বাধ্য হয়েছে। বিশেষজ্ঞরা এ অবস্থায় নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের পরামর্শ দিয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনও বিকল্প নেই’। এই সম্মেলন ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই জ্বালানি সংকটের সমাধান হবে না। উৎপাদন, সঞ্চালন ও বিতরণে দক্ষতা বাড়াতে হবে।’ তিনি উল্লেখ করেন, এলএনজি আমদানিতে ভর্তুকি রাষ্ট্রের ওপর আর্থিক চাপ সৃষ্টি করছে। তাই আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে হবে।
তিনি আরও জানান, সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বিডব্লিউজিইডির সদস্যসচিব হাসান মেহেদী বলেন, সুন্দরবনের হিরণ পয়েন্ট ও মোংলার মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় নতুন পাঁচটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘এক কার্গো এলএনজি আমদানির অর্থ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা গেলে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া সম্ভব।’
হাসান মেহেদী আরও বলেন, সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদনে যুক্ত করে বিকেন্দ্রীভূত ও জনগণের মালিকানাভিত্তিক বিদ্যুৎব্যবস্থা গড়ে তুলতে হবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি দেশের জ্বালানি খাতে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, ‘এ আধিপত্য ভাঙতে নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় জ্বালানিব্যবস্থার অগ্রাধিকার দিতে হবে।’
সম্মেলনের আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলামের সভাপতিত্বে আরও অনেকে বক্তব্য রাখেন। সম্মেলনে সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। ১৩টি অধিবেশনে জ্বালানি নীতি, জীবাশ্ম জ্বালানির ঝুঁকি, অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে। সমাপনী দিনে ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনলাইন ডেক্স 

























