নিরাপদ পানির সংকট বাংলাদেশে — বাংলাদেশে নিরাপদ পানির সংকট অব্যাহত রয়েছে। চলতি বছরের অক্টোবরে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদনে দেখা গেছে, দেশের ৯৮.৬ শতাংশ মানুষ অন্তত মৌলিক পানির সুবিধা পেলেও নিরাপদভাবে ব্যবস্থাপিত পানি পাচ্ছেন মাত্র ৩৭.১ শতাংশ। অর্থাৎ, ৬২.৯ শতাংশ মানুষের ক্ষেত্রে নিরাপদ পানির নির্ধারিত সব শর্ত পূরণ হচ্ছে না।
নিরাপদ পানি কাকে বলা হয়, তা নিয়ে প্রশ্ন উঠছে। নিরাপদ পানি হলো সেই পানি, যা সহজে পাওয়া যায় এবং যাতে মলমূত্র থেকে আসা জীবাণু ও ক্ষতিকর রাসায়নিক নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিরাপদ পানির একটি স্পষ্ট সংজ্ঞা দিয়েছে, যেখানে বলা হয়েছে, নিরাপদ পানি মানুষের স্বাস্থ্যের জন্য বড় কোনো ঝুঁকি তৈরি করবে না। শিশু, বয়স্ক মানুষ, গর্ভবতী মা ও অসুস্থ মানুষের মতো সংবেদনশীলদের জন্যও এই পানি নিরাপদ হতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, খাওয়ার পানির ১০০ মিলিলিটার নমুনায় মল থেকে আসা কোনো জীবাণু থাকা চলবে না। এই ধরনের জীবাণু ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ও আমাশয়ের মতো রোগ ছড়াতে পারে। তাই পানি দেখতে পরিষ্কার হলেও, জীবাণু থাকলে তাকে নিরাপদ বলা যাবে না।
দ্বিতীয়ত, পানিতে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংস্থাটি আর্সেনিক ও সিসার জন্য প্রতি লিটারে শূন্য দশমিক শূন্য ১ মিলিগ্রামের বেশি, ফ্লোরাইডের জন্য এক দশমিক পাঁচ মিলিগ্রাম এবং নাইট্রেটের জন্য পঞ্চাশ মিলিগ্রামকে সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে। এই মাত্রার বেশি হলে পানি দীর্ঘমেয়াদে শরীরে স্থায়ী ক্ষতি করতে পারে।
পানির স্বাদ, গন্ধ, রং ও স্বচ্ছতা বিষয়গুলোও গুরুত্বপূর্ণ। যদিও এগুলো সরাসরি রোগ তৈরি না করলেও, মানুষ পানি খাবে কি খাবে না, তা অনেকটা এর উপর নির্ভর করে। অতিরিক্ত লোহা, লবণ বা ময়লা থাকলে মানুষ নিরাপদ উৎস ছেড়ে অস্বাস্থ্যকর উৎসের দিকে চলে যেতে পারে। তাই পানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় বলা হয়েছে, শুধু পানির পরীক্ষা করলেই হবে না, বরং পানির উৎস থেকে শুরু করে মানুষের ঘর পর্যন্ত পুরো পথটিকে নিরাপদ রাখতে হবে। পানির উৎস, তোলার পদ্ধতি, সংরক্ষণ ও সরবরাহের প্রতিটি ধাপে ঝুঁকি খুঁজে বের করে তা দূর করতে হবে। এই পদ্ধতিকে পানি নিরাপত্তা পরিকল্পনা বলা হয়।
বাংলাদেশের জন্য এই নির্দেশনার অর্থ খুব স্পষ্ট। দেশে অনেক পানির উৎস থাকলেও, সেগুলো নিরাপদ নয়। পানিতে জীবাণু আছে কি না, আর্সেনিকের মাত্রা কত, পানি সরবরাহের পথে দূষণ মিশছে কি না, এসব প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত কোনো পানিকে নিরাপদ বলা যাবে না। নিরাপদ পানি মানে শুধু পানি পাওয়া নয়, বরং সারাজীবন নিরাপদে খেতে পারার নিশ্চয়তা পাওয়াও।
অনলাইন ডেক্স 























