বিডিআরসিএস এর ১৭তম যুব — বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ১৭তম যুব প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার হলিডে ইন হোটেলে দুই দিনব্যাপী এই সম্মেলনে ৬৮টি ইউনিটের যুব প্রধানরা অংশগ্রহণ করেন। সম্মেলনের শেষ দিনে ‘যুব প্রধানদের ঘোষণাপত্র ২০২৬’ গ্রহণ করা হয়, যেখানে যুব নেতৃত্ব শক্তিশালী করা ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ডিজিটালি ক্ষমতায়িত, মানবতার তরে সক্রিয়’ (Digitally Empowered, Act with Humanity)। এতে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং যুব অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিআরসিএসের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম। তিনি যুব প্রধানদের উদ্দেশে বলেন, তাঁরা শুধু নিজ নিজ ইউনিটের প্রতিনিধিই নন, বরং সোসাইটির মানবিক মূল্যবোধ, নেতৃত্ব ও ভবিষ্যতের ধারক। তিনি ইউনিট গড়ে তোলার আহ্বান জানান, যেখানে প্রতিটি তরুণ স্বেচ্ছাসেবক মর্যাদা, নিরাপত্তা ও সমান সুযোগ নিয়ে কাজ করতে পারবেন।
চairman আবদুস সালাম দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, নাগরিক সংকট ও জনস্বাস্থ্যঝুঁকির চ্যালেঞ্জের কথা উল্লেখ করে একটি দক্ষ, সংযুক্ত ও সক্রিয় জাতীয় যুব নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দেশের এক প্রান্তের স্বেচ্ছাসেবকেরা অন্য প্রান্তের স্বেচ্ছাসেবকদের পাশে দাঁড়াতে পারবেন।
বিডিআরসিএসের মহাসচিব মো. হাবিবুর রহমান খান ইউনিট পর্যায়ে সক্ষমতা বৃদ্ধিতে সোসাইটির বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, ইতিমধ্যে নয়টি মডেল ইউনিট গড়ে তোলা হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের ৬৮টি ইউনিটকে শক্তিশালী করতে কাজ করছে বিডিআরসিএস।
সম্মেলনে অংশগ্রহণকারীদের পক্ষে রাজশাহী সিটি ইউনিটের যুব প্রধান ইয়াসমিন আক্তার নিশাত আনুষ্ঠানিকভাবে ‘যুব প্রধানদের ঘোষণাপত্র ২০২৬’ পাঠ করেন। ঘোষণাপত্রে যুব প্রধানরা বেশ কিছু অঙ্গীকার করেন, যার মধ্যে আগামী ৩০ এপ্রিল ২০২৭-এর মধ্যে ইউনিট পর্যায়ে মৌলিক নীতি ও আচরণবিধি বিষয়ে ওরিয়েন্টেশন আয়োজনের প্রতিশ্রুতি রয়েছে।
এছাড়া, আগামী ১৯ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে যুবকদের চিহ্নিত অন্তত দুটি অগ্রাধিকারমূলক বিষয় অন্তর্ভুক্ত করে ইউনিটভিত্তিক কর্মপরিকল্পনা জমা দেওয়ার অঙ্গীকার করা হয়। ২০২৭ সালের মধ্যে প্রতিটি ইউনিটে অন্তত দুটি যুব পরামর্শ সভা আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়।
সম্মেলনে যুব নেতৃত্বে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন সেরা যুব প্রধানের হাতে ক্রেস্ট তুলে দেন চেয়ারম্যান। এ সময় বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবকেরা নিজেদের অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও চ্যালেঞ্জ তুলে ধরেন, যা বিডিআরসিএসের ভবিষ্যৎ স্বেচ্ছাসেবা কার্যক্রম নিয়ে আলোচনায় গুরুত্ব পায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিআরসিএসের যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী। এ ছাড়া অংশীদার ন্যাশনাল সোসাইটিগুলোর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন আইএফআরসির বাংলাদেশে নিযুক্ত হেড অব ডেলিগেশন সেভাল গুজেলকিলিঙ্ক, আইসিআরসির বাংলাদেশে নিযুক্ত হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি এবং আমেরিকান রেড ক্রসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ তীর্থ যোশি।
অনলাইন ডেক্স 

























