ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনার নতুন — ইনস্টাগ্রামে স্টোরি প্রকাশের পর ব্যবহারকারীরা এখন থেকে ১৫ মিনিটের মধ্যে তা সম্পাদনা করতে পারবেন। আগে, স্টোরিতে ছোটখাটো ভুল হলে সেটি মুছে নতুন করে পোস্ট করতে হতো, যার ফলে আগের ভিউ, লাইক ও প্রতিক্রিয়া হারিয়ে যেত। নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা স্টোরি প্রকাশের পর তা ডিলিট না করেই প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবেন।
ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডাম মোসেরি জানিয়েছেন, নতুন সুবিধায় স্টোরির লেখা, গান, স্টিকার ও আঁকাআঁকির বিষয়বস্তু পরিবর্তন করা যাবে। উদাহরণস্বরূপ, প্রকাশের পর বানান ভুল সংশোধন, ক্যাপশন পরিবর্তন, ভুল স্টিকার সরানো এবং নতুন গান যুক্ত করা সম্ভব হবে। তবে, এই পরিবর্তনগুলি শুধুমাত্র স্টোরি প্রকাশের পর প্রথম ১৫ মিনিটের মধ্যে করা যাবে।
স্টোরি সম্পাদনার জন্য ব্যবহারকারীদের প্রথমে তাদের প্রকাশিত স্টোরিটি খুলতে হবে। এরপর, পর্দার নিচের ডান দিকে থাকা থ্রি ডটের মেনুতে ট্যাপ করে ‘এডিট স্টোরি’ অপশন নির্বাচন করতে হবে। সম্পাদনার পর স্টোরিটি আগের ভিউ, লাইক ও রিপ্লাই অক্ষুণ্ন রেখেই অনুসারীদের কাছে প্রদর্শিত হবে। তবে, সম্পাদিত স্টোরির সঙ্গে ‘এডিটেড’ লেবেল যুক্ত থাকবে, যা অন্য ব্যবহারকারীদের জানাবে যে সেখানে পরিবর্তন আনা হয়েছে।
এত দিন ইনস্টাগ্রামে সাধারণ ছবি ও ভিডিও পোস্টের ক্ষেত্রে সম্পাদনার সুযোগ থাকলেও স্টোরির ক্ষেত্রে তা ছিল না। ফলে, প্রকাশের পর ছোটখাটো ভুল সংশোধন করতে হলে পুরো স্টোরি মুছে আবার প্রকাশ করতে হতো। বিশেষ করে কনটেন্ট নির্মাতা ও ব্যবসায়িক অ্যাকাউন্টগুলোর জন্য এটি একটি বড় অসুবিধা ছিল। কারণ, নতুন করে পোস্ট করলে আগের ভিউ ও প্রতিক্রিয়ার হিসাবও হারাতে হতো।
স্টোরি এডিটিংয়ের সুবিধার পাশাপাশি ইনস্টাগ্রাম স্টোরি তৈরির পদ্ধতিতেও কিছু পরিবর্তন আনছে। এখন থেকে স্টোরিতে একাধিক ছবি যুক্ত ও সাজানোর কাজ আরও সহজ হবে। ছবির আকার স্টোরির নির্ধারিত মাপের সঙ্গে না মিললে পেছনের অংশে ব্যবহার করার জন্য নতুন গ্রেডিয়েন্ট ও রঙিন ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে।
স্টিকার ব্যবহারের ক্ষেত্রেও নতুন ফন্ট, রং ও আকৃতির নকশা যুক্ত করা হয়েছে। স্টিকারগুলো ব্রাউজ করার সুবিধাসহ নতুন একটি তালিকায় সাজানো থাকবে, ফলে পছন্দের স্টিকার সহজেই খুঁজে পাওয়া যাবে।
নতুন সুবিধাগুলো গত ১৮ নভেম্বর থেকে বিশ্বব্যাপী পর্যায়ক্রমে চালু করা শুরু করেছে ইনস্টাগ্রাম। ফলে, সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে একই সময়ে সুবিধাগুলো দেখা নাও যেতে পারে। ‘এডিট স্টোরি’ অপশনটি পেতে হলে অবশ্যই ইনস্টাগ্রামের সর্বশেষ আপডেটটি ইন্সটল করা থাকতে হবে।
অনলাইন ডেক্স 
























