দণ্ডপ্রাপ্ত অপরাধীকে পাসপোর্ট দিতে — পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের নাগরিক হলেই যে কেউ পাসপোর্ট পাওয়ার অধিকার রাখেন না। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত অপরাধীদের ক্ষেত্রে সরকার পাসপোর্ট দিতে বাধ্য নয়।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, পাসপোর্ট পাওয়ার জন্য নাগরিকত্ব থাকা যথেষ্ট নয়, বিশেষ করে যদি কেউ দণ্ডপ্রাপ্ত অপরাধী হন।
শামা ওবায়েদ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি জানান, বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বারবার অনুরোধ জানিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।
শামা ওবায়েদ আরও বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া ও কারিগরি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা তার সাজা ভোগ করতে বাংলাদেশে ফিরে আসবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে ‘ট্রাভেল পাস’ বা অন্য কোনো বিকল্প উপায়ে ফিরিয়ে আনার সুযোগ দেওয়ার বিষয়ে কেন আলোচনা হবে না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, ভারত কেন প্রত্যর্পণ চুক্তির সুযোগ নেবে না, তা স্পষ্ট নয়।
শেখ হাসিনার ফিরে আসার বিষয়ে ভারত কিছু শর্ত যেমন আপিলের সুযোগ বা নতুন করে বিচারের ব্যবস্থার প্রস্তাব করেছে বলে যে খবর ছড়িয়েছে, সে সম্পর্কে জানতে চাওয়া হলে শামা জানান, বাংলাদেশ এ ধরনের কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি।
তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক কেবল শেখ হাসিনার বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বৃহত্তর বিষয়। তিনি কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় অমীমাংসিত বিষয়গুলো সমাধানের ওপর জোর দেন।
শামা ওবায়েদ আরও জানান, বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রস্তাবিত কনস্যুলার সংলাপটি বাতিল হয়নি, বরং উভয় পক্ষের সুবিধাজনক সময়ে তা অনুষ্ঠিত হওয়ার জন্য স্থগিত রাখা হয়েছে। উভয় দেশই বৈঠকটি পরবর্তী সময়ে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে।
অনলাইন ডেক্স 























