বীমা গ্রাহকদের দাবি পরিশোধে কোম্পানিগুলোকে নিজেদের জমি বিক্রি করতে বাধ্য করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের দাবি পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের বৈঠকে এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ‘বীমা কোম্পানিগুলোকে বাধ্য করা হচ্ছে তাদের জমি বিক্রি করে বীমাকারীদের দাবি পরিশোধ করার জন্য।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘যেসব কোম্পানি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এটি করতে পারবে না, তাদের বিরুদ্ধে আরও অধিকতর কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি ব্যাংকিং খাতে ও আর্থিক খাতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেটিকে সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।
তিনি বলেন, ‘প্রয়োজনীয় ক্ষেত্রে সংসদে আইন আনা হবে। আইনের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ অর্থমন্ত্রী এ মুহূর্তে বিষয়টি ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় বিস্তারিত কিছু বলতে চাননি।
এর আগে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, এ পর্যন্ত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মাধ্যমে সমস্যাগ্রস্ত আটটি কোম্পানির মোট ২২ হাজার ৩০ জন বীমাগ্রাহককে ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।
তিনি বলেন, ‘এ কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দক্ষ ও নিরপেক্ষ অডিট ফার্ম নিয়োগ এবং পৃথক ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে দাবি নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
অর্থমন্ত্রী বলেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ৯২ শতাংশ। এ সময়ে দেশটির বাজারে ১৬৪ কোটি ৮ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে।
গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ১৫৩ কোটি ৩৯ লাখ ১০ হাজার ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় বেড়েছে ১০ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের অর্থবছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিল। তবে পরবর্তী তিন মাসে রপ্তানিতে ধারাবাহিক প্রবৃদ্ধি হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, আগস্টে রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ, সেপ্টেম্বরে ১১ দশমিক ৭১ শতাংশ এবং অক্টোবরে ১০ দশমিক ৭২ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম চার মাসে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি থেকে মাসে গড়ে ৪১ কোটি ডলার আয় হয়েছে।
গত অর্থবছরের একই সময়ে মাসিক গড় রপ্তানি আয় ছিল ৩৮ কোটি ৩০ লাখ ডলার। এ ছাড়া মাত্র চার মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় ২০২৫-২৬ অর্থবছরের মোট রপ্তানি আয়ের ৩৭ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে।
একক দেশ হিসেবে চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বাংলাদেশের তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম বাজার ছিল যুক্তরাজ্য। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরেই দেশটির অবস্থান।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল বলেন, যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির অন্যতম বড় সুবিধা হলো শুল্কমুক্ত প্রবেশাধিকার।
তিনি বলেন, দেশটির ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের (ডিসিটিএস) আওতায় বাংলাদেশ বর্তমানে পূর্ণাঙ্গ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর নির্ধারিত রূপান্তরকাল শেষে বাংলাদেশ ‘এনহ্যান্সড প্রেফারেন্সেস’ বা বর্ধিত অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার আওতায় আসবে।
এ সুবিধার আওতায় আমদানি করা কাপড় ব্যবহার করে বাংলাদেশে তৈরি পোশাকও নির্ধারিত ‘সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন’ বা এক ধাপের উৎপাদন প্রক্রিয়ার শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে। ফলে এলডিসি উত্তরণের পরও দেশটির বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখার সুযোগ থাকবে।
অনলাইন ডেক্স 
























