হংকং সিক্সেস টুর্নামেন্টে ভারতের বিপক্ষে জয় পাওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে ট্রোলের শিকার হয়েছেন। ক্রিকেটপ্রেমী ও নেটিজেনরা তার পোস্টের নিচে কটূ মন্তব্য করেছেন, যার মধ্যে অনেকেই দেশে ‘জাতীয় ছুটি ঘোষণা করার’ দাবি তুলেছেন।
শেহবাজ শরীফ তার পোস্টে লিখেছেন, ‘হংকং সিক্সেস ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত ৪ উইকেটের জয়ের জন্য আমাদের ছেলেদের অভিনন্দন! এটি একটি চমৎকার ক্রিকেট ম্যাচ ছিল। খেলোয়াড়দের তৈরি ও সমর্থন করার জন্য পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং তার দলকেও আমি সাধুবাদ জানাই।’
হংকং সিক্সেস একটি ৬ ওভারের বিনোদনমূলক টুর্নামেন্ট, যা আইসিসি দ্বারা অনুমোদিত হলেও মূলধারার আন্তর্জাতিক ক্রিকেট নয়। সাধারণত এখানে অবসরপ্রাপ্ত বা দ্বিতীয় সারির খেলোয়াড়রা অংশ নেন। একটি সাধারণ প্রদর্শনী ম্যাচের জয়কে রাষ্ট্রপ্রধান যেভাবে ‘জাতীয় অর্জন’ হিসেবে তুলে ধরেছেন, তা অনেকের কাছে হাস্যকর মনে হয়েছে।
নেটিজেনরা ব্যঙ্গ করে লিখেছেন, ‘পাকিস্তান এই জয়টি এমনভাবে উদযাপন করছে যেন তারা ওয়ানডে বিশ্বকাপ জিতে গেছে।’ অনেকে রসিকতা করে জিজ্ঞাসা করেছেন, ‘বিজয় মিছিল কবে হবে?’
এছাড়া, বেশ কয়েকজন পাকিস্তানি ভক্ত প্রধানমন্ত্রীকে দেশের ভঙ্গুর অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে এই ধরনের প্রচার বন্ধ করার পরামর্শ দিয়েছেন।
অনলাইন ডেক্স 
























