বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান মিলিয়ে অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তাদের মধ্যে বগুড়া শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের যুব বিভাগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হাফেজ গোলাম কিবরিয়াও রয়েছেন। তিনি দাবি করেছেন, মোট ৮০ জন নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বগুড়া জেলা কার্যালয়ে নতুন যোগ দেওয়া নেতাকর্মীরা জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এএমজেড শাহরিয়ার জুহিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। যোগদানকারীদের মধ্যে মো. আহসান হাবিব, আসিফ মাহমুদ, মো. শাওন ও মিনহাজুল আবেদিনসহ অর্ধশতাধিক নেতাকর্মী রয়েছেন।
হাফেজ গোলাম কিবরিয়া বলেন, তাদের সঙ্গে মোট ৮০ নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। তবে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রায় ১০ জন। বাকিরা উপস্থিত না থাকলেও দলটিতে যুক্ত হয়েছেন বলে দাবি করেন তিনি।
কিবরিয়া জানান, তিনি ব্যক্তিগত ইচ্ছায় এনসিপিতে যোগদান করেছেন এবং মনে করেন, এই রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত হয়ে আরও ভালো কিছু করা সম্ভব।
অনুষ্ঠানে এএমজেড শাহরিয়ার জুহিন বলেন, ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় নাগরিক পার্টি। তিনি জানান, নতুন বাংলাদেশ বিনির্মাণ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এনসিপি কাজ করছে।
অনলাইন ডেক্স 
























