পটুয়াখালীর বাউফলে মোশাররফ হোসেন (৩০) নিজের ও বোনের বিয়ের জন্য ১০ থেকে ১২ বছর ধরে গবাদিপশু পালন ও কৃষিকাজ করে জমা করা প্রায় সাত লাখ টাকা আগুনে পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাংলালিংক টাওয়ার-সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের টিম লিডার ছাব্বির আহমেদ জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ তাৎক্ষণিকভাবে একটি প্রতিনিধি দল পাঠান। তিনি ভিডিওকলে মোশাররফের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং শোক প্রকাশ করে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।
প্রতিনিধি দলে ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মাদ উল্লাহ, মো. রাকিব হাসানসহ স্থানীয় নেতারা। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
মোশাররফ জানান, তার বাবা শৈশবেই মারা যান। এরপর মা ও বোনকে নিয়ে সংগ্রামের মাধ্যমে জীবনযাপন করছেন। দীর্ঘদিনের সঞ্চয় হারিয়ে তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন এবং সংসার চালানোর চিন্তায় আছেন।
অনলাইন ডেক্স 
























