সমাজে বিপদ-আপদ, অসুস্থতা বা নতুন কাজের শুরুতে আলেমদের কাছে দোয়া চাওয়ার প্রচলন রয়েছে। ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ তার এক আলোচনায় এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি বলেন, আল্লাহর কাছে সরাসরি দোয়া করা প্রত্যেক বান্দার জন্য উন্মুক্ত এবং এটি দোয়ার মৌলিক পদ্ধতি।
শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন, আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ‘তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব (সুরা গাফির: ৬০)।’ তিনি বলেন, অনেকেই নিজেদের পাপী মনে করে আল্লাহর কাছে সরাসরি চাইতে ইতস্তত করেন। তবে, শয়তানও আল্লাহর কাছে দোয়া করেছিল এবং তার দোয়া কবুল হয়েছিল।
তিনি ‘দোয়ার টেন্ডার’ প্রসঙ্গে বলেন, সমাজে প্রচলিত ধারণা অনুযায়ী আলেমদের মাধ্যমে দোয়া করানোর প্রবণতা রয়েছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, যদি রাষ্ট্রপ্রধান আপনাকে সরাসরি কিছু চাওয়ার সুযোগ দেন, তাহলে আপনি অন্য কাউকে পাঠাবেন না। আল্লাহও তার বান্দাদের সরাসরি চাওয়ার সুযোগ দিয়েছেন, তাই অন্যের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়।
শায়খ আহমাদুল্লাহ বলেন, অন্যের কাছে দোয়া চাওয়া বৈধ, তবে দোয়া করানোর জন্য আনুষ্ঠানিক আয়োজন করা ইসলামের সুন্নাহ নয়। তিনি তিনটি দোয়ার রূপ ব্যাখ্যা করেন: নিজের জন্য দোয়া করা, অন্যের কাছে দোয়ার অনুরোধ করা এবং বাজেটের মাধ্যমে দোয়া আয়োজন।
তিনি বলেন, দোয়া কবুলের বিষয়টি সবসময় প্রত্যাশিতভাবে প্রকাশ পায় না। দোয়া করার পর ফল না পেলে হতাশ হওয়া উচিত নয়, বরং আল্লাহর সিদ্ধান্তের ওপর আস্থা রাখা গুরুত্বপূর্ণ।
অনলাইন ডেক্স 

























