দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী পদত্যাগ — দক্ষিণ কোরিয়ায় এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনায় জনরোষের মুখে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। রবিবার প্রেসিডেন্ট লি জে মিয়ং তার পদত্যাগপত্র গ্রহণ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
গত রবিবার জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী ক্ষুদ্র ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে জালিয়াতির কথা স্বীকার করেন। এই ঘটনা দেশটির গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনুং’-এর মাত্র চার দিন আগে প্রকাশ্যে আসে। এর ফলে পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে সরকার পরীক্ষাকেন্দ্রে পাবলিক ওয়াই-ফাই বন্ধসহ নানা পদক্ষেপ গ্রহণ করে। তবে এসব ব্যবস্থা নিতে দেরি হওয়ায় শিক্ষামন্ত্রী চোই সমালোচনার মুখে পড়েন।
চোই কিয়ো-জিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে পদত্যাগের ঘোষণা দেন। তিনি লেখেন, ‘পরীক্ষা শেষ হয়েছে। আমি এর সম্পূর্ণ দায়ভার নিচ্ছি এবং পদত্যাগ করছি’।
এছাড়া, পার্লামেন্টের শুনানিতে পরীক্ষার দিন জালিয়াতি শনাক্তে কর্তৃপক্ষের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে ৭২ বছর বয়সী চোই বলেন, বয়সের কারণে তিনি আত্মবিশ্বাসী নন। তার এই মন্তব্যে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়।
দক্ষিণ কোরিয়ায় সুনুং পরীক্ষা নির্বিঘ্নে আয়োজন করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পরীক্ষার সময় স্মার্ট ডিভাইস বন্ধ করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরীক্ষার্থীদের চশমা, ঘড়ি ও পোশাকেও তল্লাশি চালানো হয় লুকানো ক্যামেরা শনাক্তের জন্য।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারের পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস-সংশ্লিষ্ট অসদাচরণের ১১১টি ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেকই ধরা পড়ে সরকার পাঠানো জরুরি সতর্কবার্তার মাধ্যমে।
এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার শিক্ষা ব্যবস্থায় নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। শিক্ষামন্ত্রী পদত্যাগের পর দেশটির শিক্ষা নীতি ও পরীক্ষার নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এদিকে, শিক্ষামন্ত্রী পদত্যাগের পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অস্থিরতা দেখা দিয়েছে। তারা পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার শিক্ষা ব্যবস্থা বিশ্বব্যাপী পরিচিত, তবে সাম্প্রতিক ঘটনাবলীর ফলে দেশের শিক্ষাব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা কমে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অনলাইন ডেক্স 























