নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আতাউস — হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাখার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আতাউস সামাদ বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি আতাউস সামাদ বাবু পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ফেসবুকে একটি হুঁশিয়ারিমূলক স্ট্যাটাস দেন, যা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করে। ওই স্ট্যাটাসে তিনি পুলিশ কর্মকর্তাদের নাম-পরিচয় সংরক্ষণ করে রাখার কথা উল্লেখ করেন এবং তাদের অবসরের পরও শান্তিতে বাড়ি ফিরতে না দেওয়ার ইঙ্গিত দেন।
আতাউস সামাদ বাবুর ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়। তিনি দাবি করেন, তাকে গ্রেপ্তারের জন্য মাধবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন তার বাড়িতে গিয়েছিলেন, তবে তিনি তখন বাড়িতে ছিলেন না।
স্ট্যাটাসে আতাউস সামাদ বাবু লেখেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না, ইনশাআল্লাহ।’ এই মন্তব্যটি পুলিশ কর্মকর্তাদের প্রতি তার হুমকি হিসেবে দেখা হচ্ছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আতাউস সামাদ বাবুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।
এদিকে, আতাউস সামাদ বাবুর গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই আতাউস সামাদ বাবুর বক্তব্যকে উদ্বেগজনক বলে মনে করছেন এবং পুলিশ প্রশাসনের কার্যক্রমের প্রতি নজর রাখছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আতাউস সামাদ বাবুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত অব্যাহত থাকবে।
অনলাইন ডেক্স 






















