নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চ বিদ্যালয়ে তৃতীয় দফায় আরও ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ‘শিক্ষক, অভিভাবক ও সুধী সমাবেশ’ চলাকালে একের পর এক শিক্ষার্থী রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েন।
গত ১০ দিনের ব্যবধানে এটি তৃতীয়বারের মতো ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, যা স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বুধবার দুপুরে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশের সময় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন, পরে তাদের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ায়।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ছয়জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তিনজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের খবর পেয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
প্রধান শিক্ষক জসীমউদ্দিন বলেন, বারবার কেন এই ঘটনা ঘটছে তা বোধগম্য নয়। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। ইউএনও রাসেল ইকবাল জানান, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ অনুসন্ধানে প্রশাসন কাজ করছে।
অনলাইন ডেক্স 























