বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত করতে ভারতকে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত সকলকে ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
জাহেদ উর রহমান বলেন, ভারত সরকার বাংলাদেশের সংবেদনশীলতা বুঝবে এবং সংশ্লিষ্টদের বাংলাদেশে হস্তান্তর করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি ভারতের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা উল্লেখ করে বলেন, ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়া, গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলায় সরকারের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই বলেও জানান তিনি। জাহেদ উর রহমান বলেন, মামলাটি সম্পূর্ণ আদালতের বিষয় এবং এটি আদালতের নিজস্ব গতিতেই চলবে।
তিনি আরও জানান, ব্যাটারিচালিত রিকশায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া বন্ধে ৩১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর অধীনে ১১ হাজার ১৮৮টি অভিযান পরিচালনা করা হয়েছে।
অনলাইন ডেক্স 























