স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং ডেঙ্গু সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভাপতি মীর শাহে আলম বলেছেন, যে কোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডিতে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
মীর শাহে আলম বলেন, এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি ধারাবাহিক সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। তিনি সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ নাগরিক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হওয়া এ কর্মসূচির মূল লক্ষ্য এডিস মশার প্রজননস্থল পুরোপুরি ধ্বংস করা এবং জনসচেতনতা তৈরি করা। তিনি নগরীর পরিচ্ছন্নতা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, নির্মাণাধীন ভবনসহ যেকোনো স্থানে পানি জমে থাকলে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি শাস্তির চেয়ে নাগরিক সচেতনতার ওপর বেশি গুরুত্ব আরোপ করেন।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম নগরবাসীর সহযোগিতা চেয়ে বলেন, সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। তিনি তিন মাসব্যাপী এই বিশেষ অভিযানে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনলাইন ডেক্স 






















