রাজবাড়ীর পাংশায় অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মো. মনজুর মিয়া মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা (৩০)।
ওসি শেখ মঈনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কুখ্যাত সন্ত্রাসী মঞ্জু তার দলবল নিয়ে চরঝিকড়ী বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজ জব্দ করা হয়।
ওসি জানান, গ্রেপ্তারকৃত মনজুর মিয়া মঞ্জুর বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি এবং মারামারিসহ একাধিক মামলা রয়েছে। অপরদিকে, শরীফ মোল্লার বিরুদ্ধে দস্যুতা ও পুলিশের ওপর হামলাসহ ৪টি মামলা রয়েছে।
এ বিষয়ে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আসামিদের আজ আদালতে পাঠানো হয়েছে।
অনলাইন ডেক্স 

























