চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলের গেটে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ হোসেন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম।
নিহত আরিফ হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। হল সংসদ সূত্রে জানা যায়, রাতে আব্দুর রব হলের গেটে নিজ বিভাগের ব্যানার টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আরিফ। এ সময় তিনি বিদ্যুতের তারে ঝুলে ছিলেন।
দুর্ঘটনার পর হলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি জানান, আরিফ রব হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। চবি মেডিকেল থেকে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ড. কামরুল ইসলাম জানান, রাত ১০টা ৫০ মিনিটে হাসপাতালে নেওয়ার পর শিক্ষার্থীটির মৃত্যু হয়েছে।
অনলাইন ডেক্স 
























