প্রতারণার মামলায় কারাগারে থাকা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১২ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন।
কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে বিদিশাকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে গত রোববার হাইকোর্টে তার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে জামিন দেন।
বিদিশার পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান খান ও মাসুদ মিয়া। আইনজীবী মাসুদ মিয়া জানান, বিদিশার বিরুদ্ধে বর্তমানে আর কোনো মামলা বিচারাধীন নেই, তাই জামিন আদেশের পর তার মুক্তিতে আইনগত কোনো বাধা ছিল না।
বিদিশাকে গত ২৬ আগস্ট প্রতারণার মামলায় কারাগারে পাঠানো হয়েছিল। ২০ মে ফ্ল্যাট বিক্রিতে প্রতারণার অভিযোগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।
মামলাটি ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি ব্যবসায়ী মোশাররফ হোসেন দায়ের করেন, যেখানে বাদী ঢাকার মিরপুর-১০ এলাকার স্যানিটারি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ী।
অনলাইন ডেক্স 
























