জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামের ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এনএসসি ভবনে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে বাফুফের পক্ষে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং এনএসসির পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। চুক্তির আওতায় বাফুফে দুটি স্টেডিয়ামের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
এনএসসির অনুমতি নিয়ে অন্যান্য ক্রীড়া ফেডারেশনও স্টেডিয়াম দুটি ব্যবহার করতে পারবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন। তিনি এ উদ্যোগকে দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনার সম্ভাবনা হিসেবে উল্লেখ করেছেন।
আমিনুল হক বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনে নতুনভাবে পথচলা শুরু হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত ও উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেবে বলে আমরা আশা করি।’
তিনি আরও বলেন, ‘আমরা জিরো থেকে শুরু করেছি। জাতীয় স্টেডিয়াম থেকে শুরু করে কমলাপুর স্টেডিয়াম বা সিলেটসহ সারা দেশের স্টেডিয়ামগুলোতে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার দিকে নজর দিচ্ছি।’
অনলাইন ডেক্স 
























