জাতীয় সংসদে রোববার (৬ সেপ্টেম্বর) বিরোধীদলীয় সংসদ সদস্যরা দুই দফা ওয়াকআউট করেছেন। অধিবেশন চলাকালে পৃথক দুটি বিল নিয়ে আলোচনা ও ভোটাভুটির সময় তারা সংসদ কক্ষ ত্যাগ করেন। পরে তাদের কয়েকজনের মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় সংসদ ভবন থেকে বের হতে দেখা যায়।
প্রথম দফায় বিরোধীদলীয় সদস্যরা ‘ট্রান্সফার অব প্রপার্টি (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে ভোটাভুটির সময় ওয়াকআউট করেন। কিছুক্ষণ পর তারা আবার অধিবেশন কক্ষে ফিরে আসেন।
এরপর ‘মানবাধিকার কমিশন বিল’ নিয়ে আলোচনা শুরু হলে তারা দ্বিতীয়বারের মতো অধিবেশন থেকে বেরিয়ে যান। এ সময় বিরোধীদলীয় সদস্যরা বিলটির আলোচনায় অংশ নেননি।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, প্রস্তাবিত মানবাধিকার কমিশন বিলটি দুর্বলভাবে সংসদে উপস্থাপন করা হয়েছে। তিনি জানান, এ কারণে বিরোধীদল বিলটির আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, ‘যেহেতু বিলটি দুর্বল আকারে আনা হয়েছে, সেহেতু মানবাধিকার কমিশন আইনের আলোচনায় আমরা অংশগ্রহণ করছি না। আমরা এখন ওয়াকআউট করছি।’
অনলাইন ডেক্স 























